মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে এক মুদি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ৮ সেপ্টেম্বর, ২০২৬ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাজারের সবজি বাজার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স শিকদার স্টোর নামক প্রতিষ্ঠানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্য অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং ফ্রিজ ও র্যাকে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, দই ও অন্যান্য পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া বিভিন্ন বেনামি ও নিম্নমানের কোম্পানির মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় এবং ক্ষতিকর নন ফুড গ্রেড রঙ ও রঙ মিশ্রিত পণ্য বিক্রয়ের অপরাধও ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক জনাব অচিন্ত্য শিকদারকে ১৫,০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সবজি বাজারসহ অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন অমান্য না করার বিষয়ে সতর্ক করা হয়। একইসাথে আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
এসময় সার্বিক সহযোগিতা করেন মাগুরার জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: ফয়েজুল কবীর, শ্রীপুরের স্যানিটারি ইন্সপেক্টর এবং মাগুরা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























