তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (আইএসডিআরএফ)-এর উদ্যোগে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ আগস্ট) ময়মনসিংহের হালুয়াঘাটে কালিয়ানিকান্দি, ভূটিয়া পাড়া ও আসকি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীকে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আইএসডিআরএফের যুগ্ম সম্পাদক আবু তালহা বিন রেদওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসডিআরএফ-এর নির্বাহী সদস্য ও পরিচালক অধ্যাপক ড. বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোছা. সেলিমা আক্তার খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হাসান ও হাফিজুল ইসলাম, আইএসডিআরএফ-এর সাধারণ সম্পাদক আমীর হোসাইন, সমাজসেবক আব্দুর রহমান শাহীনুর।
জনাব ফয়সাল আহমেদ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। প্রান্তিক শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন মানবিক প্রয়াস ভূমিকা রাখবে।
অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের নীতি-নৈতিকতা ও মেধার বিকাশ ঘটে। তাই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া অত্যন্ত মানবিক ও দূরদর্শী পদক্ষেপ।

























